অপরদিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত গত সাড়ে ৩ বছরে ১৫৩টি দুর্ঘটনায় ১৮৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ২০২২ সালে ২টি দুর্ঘটনায় ৩ জন, ২০২৩ সালে ৬০টি দুর্ঘটনায় ৭০ জন, ২০২৪ সালে ৭৬টি দুর্ঘটনায় ৯০ জন এবং চলতি বছরের জুন পর্যন্ত ১৫টি দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।
এই হিসেবে সব মিলিয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ৫৫ কিলোমিটার এলাকায় ১১৫২টি দুর্ঘটনায় ৩৪০ জনের প্রাণহানি হয়েছে।
শ্রীনগর ছনবাড়ি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বললেন, “এক্সপ্রেসওয়ের সিরাজদীখানের নিমতলা, কুঁচিয়ামোড়া, ধলেশ্বরী টোলপ্লাজা, শ্রীনগরের হাঁসাড়া ও ষোলঘর এবং লৌহজংয়ে পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় বেশি দুর্ঘটনা ঘটে।
একই উপজেলার হাঁসাড়া এলাকার বাসিন্দা আসলাম শেখের ভাষ্য, “ আইন অমান্য করে চালকরা বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারনেই দুর্ঘটনা বেশী হচ্ছে।
এক্সপ্রেসওয়ে ঘেঁষা সিরাজদিখানের কুঁচিয়ামোড়া এলাকার বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন বাবুল বলেন, “বেপরোয়া গতিতে পরিবহনগুলো চললেও তা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়া জরুরি।
পথে চলা বাসচালক মোহন মিয়া বলেন, “এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সড়কবাতি গুলো সঠিকভাবে জ্বলে না। গাড়ির হেডলাইট জ্বালিয়েও পথ দেখা যায় না। তাই সড়কে গাড়ি থামিয়ে রাখলে ঝুঁকি, পেছন দিয়ে মেরে দেয়। আর স্বাভাবিক সময়ে বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা হয়।
ইলিশ পরিবহনের বাসচালক মনির হোসেন বলেন, “ফিটনেস ছাড়াও অনেক যান দ্রুতগতিতে এক্সপ্রেসওয়েতে চলছে। আবার অনেক ট্রাকও অতিরিক্ত মালামাল বহন করছে। এর বাইরেও বেপরোয়া গতির মোটরসাইকেল এক্সপ্রেসওয়েতে চলাচলে দুর্ঘটনা ঘটছে।
বেপরোয়া গতি, ঘটছে দুর্ঘটনা
ফায়ার সার্ভিস বলছে, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বাড়ছে। তবে যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের অবহেলায় বাড়ছে দুর্ঘটনা। তবে পুলিশ বলছে, যানবাহনগুলো ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা হচ্ছে।
সড়ক সংশ্লিষ্ট সূত্র ও বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক সময়ে এক্সপ্রেসওয়েতে কার, বাস, মিনিবাস, মাইক্রোবাসের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। ট্রাক-কাভার্ড ভ্যান, মিনিট্রাকসহ সব ধরনের মালবাহী যানের গতিবেগ সর্বোচ্চ ৫০ কিলোমিটার। আর মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। এই নীতিমালা কেউ মানছেন না। এছাড়া এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এর পেছনে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলাও অন্যতম কারন।
সড়ক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈরী আবহাওয়া কিংবা দৃষ্টিসীমা একেবারে কমে গেলে বাংলাদেশে ফেরি ও বিমান চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু সড়কে যানবাহন চলাচল বন্ধ বা কত গতিতে চলতে দেওয়া উচিত—এ বিষয় দেখভাল করার কোনো ব্যবস্থাই নেই। আধুনিক মহাসড়কগুলোয় ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গতি দেখানোর সংকেত বা সাইনবোর্ড থাকে। সেই অনুযায়ী তা মানা হচ্ছে কি না, তা হাইওয়ে পুলিশের দেখার কথা। কিন্তু অবকাঠামো, যানবাহন ও জনবল থাকার পরও হাইওয়ে পুলিশ তা করে না। আর এই এক্সপ্রেসওয়ে বিপুল টাকা খরচ করে আন্তর্জাতিক মানের করা হলেও এর সাইন-সংকেতব্যবস্থা আধুনিক নয়।
এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেল চালক বলেন, এখানে সর্বোচ্চ গতিবেগ ৮০ হলেও গাড়ি চালানো হয় একশোর উপরে। একাধিক বাস যাত্রী বলেন, গাড়িগুলো প্রতিযোগিতা করে, কে কার আগে যাবে। বেশীর ভাগ দুর্ঘটনা প্রতিযোগিতা কারনে ঘটছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণেই এত দুর্ঘটনা ঘটছে। তাই গতি কমিয়ে গাড়ী চালানো কার্যকর করতে পারলো দুর্ঘটনা কমে আসবে।
মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বেপরোয়া গতি নিয়ন্ত্রণে
আমাদের কোনো সিস্টেম নেই। এক্সপ্রেসওয়েতে এটা নিয়েন্ত্রণ করার কোনো সিস্টেম নেই। তবে
ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম-আইটিএস'র আওতায় ক্যামেরার মাধ্যমে পুরো এক্সপ্রেসওয়ে মনিটরিংয়ের চেষ্টা চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়মিত মোটরসাইকেল চালান আসিফ হোসেন। তার ভাষ্য, “শুধু মোটরসাইকেলই নয়, সব ধরনের যানবাহনই অতিরিক্ত গতিতে চলাচল করছে। বাসগুলো একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে। কিন্তু সঠিকভাবে দেখার কেউ নেই, মাঝে-মধ্যে যে অভিযান চলে, তা একেবারেই অপ্রতুল।
গতিসীমার বিষয়ে কী বলা আছে নির্দেশনায়
গত বছরের মে মাসে সড়ক ও মহাসড়কে কোন যানবাহন কী গতিতে চলাচল করতে পারবে, এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে সরকার।
এতে বলা হয়েছে, স্বাভাবিক সময়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে যানবাহন চলাচলের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। মূল সড়কে প্রাইভেট কার, বাস, মিনিবাস, মাইক্রোবাসের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। ট্রাক-কভার্ড, মিনিট্রাকসহ সব ধরনের মালবাহী যানের গতিবেগ সর্বোচ্চ ৫০ কিলোমিটার। আর মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
আরও বলা হয়েছে, সর্বোচ্চ গতিসীমার এই নির্দেশনা শুধু স্বাভাবিক সময়ের জন্য প্রযোজ্য হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রখর রোদ, অতিরিক্ত বৃষ্টি, ঘন কুয়াশা হলে নিয়ন্ত্রণযোগ্য গতিসীমা প্রযোজ্য হবে। অর্থাৎ যতটুকু গতি হলে চালক যানবাহন নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই অনুযায়ী চালাতে হবে। তবে দৃষ্টিসীমা বেশি মাত্রায় কমে গেলে বা একেবারে দেখা না গেলে যানবাহন চালানো বন্ধ রাখতে হবে।
তবে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে হাইওয়ে পুলিশের স্পিডোগানে দেখা যায় ভিন্ন চিত্র। এক একটি যাত্রীবাহী বাসের গতি থাকে সর্বনিম্ন ৯৯ থেকে সর্বোচ্চ ১২৪ পর্যন্ত।
যা বলছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ
পুলিশের টহল প্রসঙ্গে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, প্রতিদিন রাতে দুটি গাড়ি দিয়ে ধলেশ্বরীর টোলপ্লাজা থেকে মাওয়া এলাকার প্রায় ২৯ দশমিক ২ কিলোমিটারে টহল দিচ্ছেন তারা। তার দাবি, পুলিশ দেখে গাড়ির গতি কমিয়ে দিলেও পুলিশ দূরে চলে গেলে আবার গতি বাড়িয়ে দিচ্ছেন চালকরা।
এছাড়া পথচারীদের ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে যত্রতত্র সড়ক পারাপার, যানবাহনের অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠা-নামা করানোর অভিযোগও আছে।
ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের ভাষ্যদুর্ঘটনা রোধে চালকদের সচেতন ও সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মনে করছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, “ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের গাফিলতি, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো, আগে যাওয়ার প্রতিযোগিতা, যত্রতত্র গাড়ি থামানো, ত্রুটিযুক্ত গাড়ি রাস্তায় বের করার কারণেই দুর্ঘটনা ঘটছে। তাই এই কর্মকর্তার ভাষ্য, “ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে, চালকদের বাস্তবসম্মত প্রশিক্ষণ ও যাত্রীরা সচেতন হলে, দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, “আমরা দীর্ঘদিন অসতর্কতা, অবহেলা, নিয়ম না মানা ও অনৈতিকতা এই যে একটা সংস্কৃতি তৈরি করেছি; বিশেষ করে পরিবহন সেক্টরগুলোতে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
তার ভাষ্য, “একটি গাড়ি শুধু ড্রাইভার পরিচালনা করেন না। একটি ব্যবস্থাপনার ভেতর দিয়ে চলাচল করে। এই দায়-দায়িত্ব সঠিকভাবে পালন না করায় দুর্ঘটনা ঘটছে।
মতামত