মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন আহম্মেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের চলাফেরায় কোন স্বাধীনতা ছিল না। অর্ধাহারে অনাহারে মানুষ তার সন্তানকেও বিক্রি করে দিয়েছে। স্বাধীন দেশে মানুষ কিভাবে তার অধিকার ফিরে পেতে পারে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে জাতির সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় সেই কথাই লেখা রয়েছে।
গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় মুন্সীগঞ্জ-৩ নির্বাচনি এলাকা থেকে আগত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মুন্সীগঞ্জ
জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি'র সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উত্থাপন করেছেন। যা ইতিমধ্যে দেশব্যাপী বিতরণ করা হয়েছে। যা এখনও অব্যাহত রয়েছে।
মো. মহিউদ্দিন বলেন, তারেক রহমানের সেই ৩১ দফার দাবি জনগণের মধ্যে পৌছে দিতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের শহর, শহরাঞ্চল ও তৃনমূল পর্যায়ে লিফলেট বিতরণ করেছে এবং এখনও লিফলেট বিতরণ চলছে। একই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরো শক্তিশালী করতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
মতামত