কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম। যিনি সংগীত জগতে বালাম নামে পরিচিত। বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ধামারণ গ্রামের কাজী বাড়ীর সন্তান। তিনি ১৯৭৫ সালের
২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী জাহাঙ্গীর হাফিজ সেলিম এবং মা রোকসানা জাহাঙ্গীর। বালাম বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।
বালামের সঙ্গীতের শুরু হয় ব্যান্ড দল রেইনিগেডসের মাধ্যমে। তিনি ও তাঁর বন্ধুরা মিলে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ডটি। তিনি ছিলেন ব্যান্ডটির লিড গিটারিস্ট ও ভোকাল। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশিত হয় বালামের প্রথম অ্যালবাম "ফিরিয়ে দাও"। তবে এরও পূর্বে তিনি আত্মপ্রকাশ করেন সুরকার হিসেবে। সপ্তম শ্রেণীতে থাকার সময় প্রথম সুর করেন জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের "কৈশোর" নামের গানটির। পরে ১৯৯৮ সালের শেষ দিকে বালাম লিড গিটারিস্ট ও ভোকাল হিসেবে যোগদান করেন ব্যান্ডটিতে। তার ভয়েসে ওয়ারফেজ ২০০৩ সালে প্রকাশ করে অ্যালবাম "মহারাজ"।
ওয়ারফেজ এ থাকাকালীন সময়েই বালাম তার কম্পোজিশনে প্রকাশ করেন মিশ্র অ্যালবাম "প্রেম শিকারী"। এই অ্যালবামটির মাধ্যমে তিনি সঙ্গীতবোদ্ধাদের কাছে পরিচিতি লাভ করেন। ওয়ারফেজ এর অ্যালবামেও বালাম উপহার দেন "যতোদূরে", "নেই তুমি" ও "সময়" - এর মতো বেশ কিছু জনপ্রিয় গান। অ্যালবাম প্রকাশের পর ওয়ারফেজ ত্যাগ করেন বালাম।
ওয়ারফেজ ছাড়ার পর ২০০৭ সালে লেজার ভিশনের ব্যানারে বলাম প্রথম অ্যালবাম প্রকাশ করেন, যেটির নাম ছিল "বালাম"। এই অ্যালবামটিই বালামকে এনে দেয় আকাশ্চুম্বী জনপ্রিয়তা। ২০০৮ সালে তার হাত ধরে সঙ্গীতার ব্যানারে "বালাম ফিচারিং জুলি" দিয়ে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করেন তাঁর বোন জুলি। বেশ জনপ্রিয়তা পায় অ্যালবামটি। এরপর তিনি সঙ্গীতার ব্যানারে আরো প্রকাশ করেন বালাম ২ (২০০৮) ও বালাম ৩ (২০১০)। ২০০৯ সালে তিনি তাঁর বোনকে নিয়ে আবারও প্রকাশ করেন "বালাম ফিচারিং জুলি ২- স্বপ্নের পৃথিবী"।
এরপর দীর্ঘ তিন বছরের বিরতির পর ২০১৩ সালে বালাম ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ করেন তাঁর ৪র্থ একক অ্যালবাম "ভূবন (বালাম ৪)"।
দুই বছর বিরতির পর ২০১৫ সালে তাঁর প্রথম সঙ্গীত ভিডিও "মেঘে ঢাকা" প্রকাশ পায়। এরপর ২০১৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশ করেন "কৌশিক তাপস ফিচারিং বালাম-কী জ্বালা" গানটি। ২০১৬ সালে তাঁর বোন জুলিকে নিয়ে দ্বৈত গান "কত যে খুঁজেছি তোমায়" প্রকাশ করেন। ২০১৭ সালের ভালোবাসা দিবসে রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকের ব্যানারে তিনি তার ৫ম একক অ্যালবাম "গল্পের শহর" প্রকাশ করেন। এছাড়া বালাম বিভিন্ন মিশ্র অ্যালবামে কাজ করেছেন। বালাম চলচ্চিত্র সঙ্গীত পরিচালনাও করেছেন। নাটকেও অভিনয় করেছেন গুণী এই শিল্পী।
উল্লেখ্য, জনপ্রিয় সংগীত শিল্পি কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম বা সংগীত শিল্পি বালাম মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার নির্বাহি সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু'র ভাগ্নে ( বড় বোনের ছোট ছেলে)।
মতামত