মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। তিনি বলেন, এখনও আমি আশাবাদী, দল থেকে ধানের শীষের চুড়ান্ত মনোনয়ন পাবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর যারা হামলা, মামলা, নির্যাতন ও জেল খেটেছেন এমন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন উপরোক্ত কথা বলেন।
বুধবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি নেতা মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।
জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আরও বলেন, গত ১৭ বছর নির্যাতিত হয়েছি, ১/১১'র সময় সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর চরম নির্যাতনে অসুস্থ হয়ে পড়ি। তারপরও তৃনমুল নেতাকর্মীদের পাশে থেকে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে তুলেছি, যা দৃশ্যমান।
বিএনপি নেতা মহিউদ্দিন বলেন, গত ১৭ বছরের ত্যাগ করার বিষয়টি মূল্যায়ন ও বিবেচনা করে দল প্রার্থী পরিবর্তন না করে তাহলে জনগণের ভোটাধিকার ও এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের সমর্থনে মুন্সীগঞ্জ–৩ আসনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন মহিউদ্দিন।
উল্লেখ্য, বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটি সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে। এতে ওইদিন থেকে ৭ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। নির্বাচনি এলাকার সদর ও গজারিয়া উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের অবস্থান শক্তিশালী হলেও মনোনয়ন ঘোষণার পর গজারিয়ায় মহিউদ্দিনের পোস্টার ছিড়ে ফেলে রতন অনুসারীরা। সদর উপজেলায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে দলীয় প্রার্থী। আর গত মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের মুন্সীরহাট বাজারে দুই পক্ষের মধ্যে হট্টগোল হলে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে বিএনপির বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। এর মধ্যে গতকাল বুধবার মনোনয়ন সংগ্রহ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন।
মতামত